স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে সময় ভালো কাটেনি আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার। সেটা এতদিন বোঝা গিয়েছিল। এবার নিজেই মুখ খুললেন। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এই মিডফিল্ডার জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ না খেলতে তাকে চিঠি দিয়েছিল রিয়াল। সেই সঙ্গে দাবি করেছেন ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে কখনোই তার ভাল সময় কাটেনি।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ইনজুরির কারণে ওই ম্যাচে মাঠে নামতে পারেননি ডি মারিয়া। বিশ্বকাপের পর তার কৃতিত্বে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে বর্তমান রানার্স-আপ দলটি।

গত মৌসুমে ক্লাবের হয়েও দুর্দান্ত খেলেছিলেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন এই মিডফিল্ডার। কিন্তু তাকে কোনো পাত্তা দিল না স্প্যানিশ ক্লাবটি। জেমস রদ্রিগেজ ও টনি ক্রুসকে দলে নিয়ে তাকে বাড়তি খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করে দিয়েছে। এরপরই মুখ খুললেন এই তারকা।

'আমেরিকা এন্ড ক্লুস'কে দেয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, "ফাইনাল ম্যাচে (বিশ্বকাপে) খেলতে নিষেধ করে ওই দিন ১১টার মধ্যে মাদ্রিদে পৌঁছাতে আমাকে চিঠি দেয়া হয়েছিল। আমাদের খেলা ছিল ১৬টায়। আমি ইনজুরি থেকে সুস্থ্য হতে পারি এ বিশ্বাসে খেলতে নিজেকে প্রস্তুত করতে ছিলাম। যখনই আমি চিঠিটি পেলাম, তখনই ছিঁড়ে ফেললাম। আমি কোনো হিসাব করিনি যে কি ঘটতে পারে।"

তিনি আরো বলেন, "আমি কোচ আলেসান্দ্রো সাবেলার সঙ্গে কথা বললাম এবং তার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি তাকে চাপ দিতে চাইনি। আমি জানতাম, ১৫ মিনিট পর আমাকে উঠে যেতে হবে এবং দলকে বিপদে ফেলতে হবে। আমি সেটা চাইনি।"

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই