ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের শুরুর ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শনিবার শক্তিশালী জাপানের বিপক্ষে ৫-১ গোলে হেরেছে তারা।

শনিবার সকালে পুল ‘বি’-এর ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিয়াজাকি সুনিয়া জাপানকে দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে নিয়েছেন (১-০)।

প্রথম গোল খাওয়ার ধকল শেষ হতে না হতেই ১১তম মিনিটে কাইয়ুকাওয়া কোজির গোলে ব্যবধান দ্বিগুণ করেছে জাপান।

১৮তম এবং ২২তম মিনিটে আরও ২ গোল খেয়ে একেবারেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ (৪-০)।

ব্যক্তিগত দ্বিতীয় ও জাপানের পক্ষে শেষ এবং পঞ্চম গোলটি করেছেন সূচনায় গোল করা সুনিয়া। বাংলাদেশের পক্ষে মামুনুর রহমান চয়ন সান্ত্বনাসূচক গোলটি করেছেন।

রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ।

জেডআই