লা লিগায় লড়াইয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শনিবার ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ। এর ফলে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ পেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

লিগ পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট অর্জন করে শীর্ষে রয়েছে। এদিকে এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। ফলে আগামী ম্যাচে জয় পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে শীর্ষ স্থান দখল করবে তারা। এদিকে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট অর্জন করেছে।

শনিবার স্যান ম্যামেস বেরিয়ায় সফরকারী দল হিসেবে খেলতে নেমেছিল রোনালদোরা। তাদেরকে পরাস্ত করে জয় তুলে নেয় স্বাগতিক বিলবাও।

এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। আর এই ম্যাচে হেরে যাওয়া শীর্ষস্থান হারানোর পথে লস ব্লাঙ্কোসরা।

এদিন ম্যাচের প্রথমার্ধে তো একরকম খুঁজেই পাওয়া যায়নি রোনালদো-বেলদের। আর তাদের ছন্দ ফিরে পাওয়ার আগেই ২৬তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আদুরিস। স্বদেশী মিডফিল্ডার মিকেল রিকোর ক্রসে অনেকখানি লাফিয়ে উঠে বল জালে পাঠান এই স্প্যানিশ স্ট্রাইকার।

পিছিয়ে পড়ে আক্রমণে কিছুটা মনোযোগী হয় রিয়াল। কিন্তু বিরতির আগে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটির অন্যতম বিশ্বসেরা আক্রমণভাগ।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে রিয়াল। এ পর্বে প্রথম ২০ মিনিটে সমতায় ফেরার দুবার সুযোগও পেয়েও ব্যর্থ হয় দলটি।

৭২তম মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি পায় রিয়াল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো।

৭৬তম মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যেতে পারতো আথলেতিক। কিন্তু আদুরিসের হেড পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল।

৮২তম মিনিটে ফের সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল, কিন্তু অনেক দূর থেকে গ্যারেথ বেলের শট বারে লাগলে হতাশাই সঙ্গী হয় তাদের।

জেডআই