চলতি মৌসুমে হার যেন পিছুই ছাড়ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের। হারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নতুন খেলোয়াড়ও দলে ভিড়িয়েছে তারা। ক্লাবের রেকর্ড পরিমাণ অর্থ ৩৭.১ মিলিয়ন পাউেন্ড চেলসি তারকা হুয়ান মাতাকে দলে নেয়া হয়েছে। কিন্তু ফের হারল দলটি। শনিবার স্টোকের মাঠ ব্রিটিনিয়া স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছে তারা।
এই নিয়ে চলতি মোসুমে ইংলিশ লিগে ২৪ ম্যাচে অষ্টমবারের মতো হারের লজ্জা পেল কোচ ডেভিড ময়েসের শিষ্যরা। পয়েন্ট টেবিলে মাত্র ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা।
খেলার ৩৮ মিনিটে চার্লি অ্যাডামের গোলে এগিয়ে যায় স্বাগতিক স্টোক। কিন্তু বিরতির আগে গোলটি শোধ করতে পারেনি ম্যানইউ। কিন্তু বিরতির দুই মিনিটের মধ্যেই সফরকারীদেরকে সমতায় ফেরান রবিন ভন পার্সি।
সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সাবেক বস স্যার অ্যালেক্স ফার্গুসনের ক্লাবটির। খেলার ৫২ মিনিটেই অ্যাডামের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় স্টোক। গোলটি আর শোধ করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টারের ক্লাবটিকে।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেডআই