ক্লাবের ফর্ম দেশের জার্সিতে দেখাতে পারেন না— লিওনেল মেসির বিরুদ্ধে এই অভিযোগ সর্বজনবিদিত। কোপা আমেরিকা ফাইনালে হারের পর মেসির দাদুও তাকে ‘অলস’ বলতে ছাড়েননি। এবার তার সঙ্গে যোগ দিলেন দিয়েগো ম্যারাডোনাও। বলে দিলেন, ক্লাবে যে ফুটবলটা খেলেন সেটা দেশের হয়ে খেলতে পারছেন না মেসি।

এমনিতে তার স্বদেশী সম্পর্কে প্রশংসাই করে থাকেন ম্যারাডোনা। কিন্তু তিনটা বড় ট্রফি আর্জেন্টিনার হাতছাড়া হওয়ায় বোধহয় ছবিটা পাল্টে গেছে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী মনে করছেন, মেসি দেশের জার্সিতে নিজের সেরাটা দিতে পারছেন না। আর্জেন্টাইন দৈনিক ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর্জেন্টিনায় বিশ্বের সেরা ফুটবলার আছে। রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে মেসি চার গোল করতে পারে, কিন্তু দেশের হয়ে একটা বলও ঠিক করে ধরতে পারে না।’

আর্জেন্টিনার বড় টুর্নামেন্টে ব্যর্থতা নিয়ে অনেকেই বলে থাকেন, মেসি ভাল খেললেও নাকি আর্জেন্টিনা টিম হিসেবে খেলতে পারেনি। কিন্তু ম্যারাডোনার সাফ বক্তব্য, ‘হারের দায় সবারই সমান। ‘মেসি দারুণ প্লেয়ার বলে ওকে আগলে রাখা ঠিক নয়। একটা দলে সবাই তো সমান। মেসিকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া এখনই থামাতে হবে আর্জেন্টিনাকে।’

মেসির স্বদেশী সতীর্থ হ্যাভিয়ের মাচেরানো অবশ্য বলছেন, মেসির মতো প্লেয়ারের বিরুদ্ধে সমালোচনা ঠিক নয়। ‘মেসি খুবই ভাল মানুষ। এত বড় ফুটবলার হয়েও সে বাকিদের যথেষ্ট সম্মান দেয়। সতীর্থদের উদ্বুদ্ধ করে। এটা মাথায় রাখতে হবে যে, সব সময় জেতা সম্ভব নয়,’ বলছেন মাচেরানো।

তার সঙ্গে একমত লুকাস বিগলিয়াও, ‘মেসি দেশের সমর্থকদের ভালবাসা পায় না। ওর মতো ফুটবলারকে আরও বেশি করে সমর্থন করা উচিত। ও যদি ঠিক করে আর্জেন্টিনার হয়ে কিছু দিন খেলবে না তা হলে আমরা ওর পাশে আছি।’ বিগলিয়ার আশঙ্কা সত্যিও হতে পারে। শোনা যাচ্ছে, মেসি নাকি তার ঘনিষ্ঠদের জানিয়েছেন, কয়েক দিন আর্জেন্টিনার হয়ে খেলবেন না বলে ভাবছেন। তার বিরুদ্ধে সমালোচনায় নাকি এতটাই ক্ষুদ্ধ মেসি।

ইআর