এমনিতেই বড় টার্গেট, আর মধ্যে প্রকৃতিদেবীও যেন টাইগারদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিলেন। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার সাথে সাথেই ডাম্বুলার আকাশ ভেঙে নেমে এল বারিধারা। বৃষ্টির কারণে স্টেডিয়াম ঢেকে ফেলা হয়েছে ত্রিপল দিয়ে। উইকেটের আশপাশে ৩০ গজ এলাকা পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি থামলেও ডার্কওয়ার্থ লুইস মেথডের কোপে পড়তে হবে টাইগারদের। স্থানীয় সময় রাত ১০টার মধ্যে বৃষ্টি কমলে পূর্ণাঙ্গ ৫০ ওভার খেলা হবে। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই।
প্রথম ম্যাচে ৯০ রানে জয় পাওয়া টাইগারদের জন্য আজকের ম্যাচ সিরিজ জয়ের মিশন। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৩১১ রানের বড় সংগ্রহ করেছে থারাঙ্গা বাহিনী। মেন্ডিস করেছেন ১০২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেছেন অধিনায়ক উপুল থারাঙ্গা। শেষের দিকে ২৮ বলে ৩৯ করে স্কোর ৩০০ পার করেন অ্যাশলে গুনারত্নে। স্বাভাবিক নিয়মে ম্যাচ পুনরায় শুরু হলে জয়ের জন্য টাইগারদের করতে হবে ৩১২ রান।
এদিকে ইনিংসের শেষ ওভারে ক্যারিয়ারে প্রথমবারের মত হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। শেষ ওভারের তৃতীয় বলে তাসকিনের ফুল লেংথ বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে সৌম্যর ক্যাচে পরিণত হন গুনারত্নে। পরের বলেই সেই মিড অফে মুস্তাফিজের তালুবন্দী হন সুরঙ্গা লাকমল (০)। ওভারের পঞ্চম বলে নুয়ান প্রদীপকে (০) বোল্ড করে দিয়ে এই দারুণ মাইলফলকে পৌঁছান তাসকিন।
এমই





