দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে টাইগার ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালো হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের চিন্তা বাড়িয়েছেন বোলাররা। মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইমরুল কায়েসরা রানের দেখা পেয়েছেন। তবে মুস্তাফিজ, শুভাশীষ, তাসকিনরা বল হাতে খুব একটা ভালো করতে পারেননি।
প্রস্তুতি ম্যাচে ভালো না করলেও তাসকিন আহমেদ মনে করছেন, প্রথম টেস্টের আগেই ছন্দ খুঁজে পাবেন পেসাররা। টাইগার এই পেসার জানিয়েছেন, এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে অনেকখানি মানিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আগামী বৃহস্পতিবার পচেফ্স্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তাসকিন মনে করেন, দক্ষিণ আফ্রিকায় টেস্টে ভালো করতে হলে পেসারদেরই দায়িত্বটা নিতে হবে।
তিনি বলেন, ‘পেসারদের ভালো করাটা জরুরি। বেনোনির মতো স্লো উইকেট এখানে হবে না আশা করছি। এখানকার উইকেট একটু বেশি গতিসম্পন্ন। পেসারদের ভালো করতে হবে। আমি বিশ্বাস করি, পেসাররা ভালো না করলে এখানে ম্যাচ জেতাটা কষ্টকর হবে।’
প্রস্তুতি ম্যাচে না পারলেও ধীরে ধীরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তাসকিনরা। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা কষ্ট হয়েছে। তবে আমরা মানিয়ে নিচ্ছি। আশা করছি, প্রথম টেস্টের আগে সব ঠিক হয়ে যাবে।’
প্রস্তুতি ম্যাচে মোটেও ভালো করতে পারেননি টাইগার পেসাররা। মুস্তাফিজ ১৩ ওভার বল করে ২৮ রানে নেন এক উইকেট। তাসকিন ছিলেন ব্যয়বহুল। ১৪ ওভারে ৭০ রানে মাত্র এক উইকেট নেন এই পেসার।
এ ছাড়া শুভাশীষ ও শফিউল উইকেট পেলেও ব্যাটসম্যানদের খুব একটা বিব্রত করতে পারেননি। সাকিববিহীন স্পিন বিভাগও ছিল নিষ্প্রভ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল নেন একটি করে উইকেট।
বলা বাহুল্য, দক্ষিণ আফ্রিকার সিমিং ও বাউন্সি উইকেটে ম্যাচ জিততে হলে বড় দায়িত্বটা নিতে হবে মুস্তাফিজ, তাসকিনদের। দেখা যাক, প্রথম টেস্টে পেসারদের কতটা গুছিয়ে মাঠে নামাতে পারেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।





