বার্সেলোনা স্ট্রাইকার ক্রিস্টিয়ান তেয়োর হ্যাটট্রিকে কোপা ডেল রে'র সেমিফাইনালে এক পা রেখেছে বার্সেলোনা। বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষ লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে কোচ জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
কয়েকদিন আগে লা লিগায় এই লেভান্তের কাছে জয় রথ থেমেছিল বার্সেলোনার। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে বার্সাকে শীর্ষস্থান হারানোর দরজায় নিয়ে যায় দলটি। এই ম্যাচেও দুর্দান্ত ছিল। নিজেদের মাঠে প্রথমেই লিড নেয় তারা। কিন্তু শেষে পর্যন্ত মেসি-তেয়োর জাদুতে অন্তত ড্র নিয়েও মাঠে ছাড়তে পারেনি স্বাগতিকরা।
এদিন বার্সেলোনার হয়ে ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ম্যাচটিতে লেভান্তের ডিফেন্ডারদের কড়া পাহারায় মেসি গোল করতে না পারলেও তেয়োকে দিয়ে করিয়েছেন তিন গোল।
স্তেদিও কুইদাদ ডি ভ্যালেন্সিয়ায় খেলার ৩১ মিনিটেই এগিয়ে যায় লেভান্তে। স্বাগতিকদের হয়ে এ গোলটি করেছেন নাবিল এল জহর। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে গেলেও নিজেরা গোল উপহার দিয়ে বার্সাকে সমতায় ফেরায় তারা। ৫৩ মিনিটে মেসির পাস করা বল তেয়ো জালে জড়ানোর চেষ্টা করেন। দলকে বিপদমুক্ত করার চেষ্টা করলেও তার কিক করা বল জুয়ান গারসিয়া গারসিয়ার গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
তেয়োর গোল উৎসব শুরু হয় খেলার ৬০ মিনিটে। প্রথমে গোলের পর দ্বিতীয় গোলের দেখা পান ৮১ মিনিটে। এর তিন মিনিটের মাথায় হ্যাটট্রিক করা সুযোগ পান তিনি। তবে সেই সুযোগটি কাজে লাগাতে না পারলেও ৮৬ মিনিটে ঠিকই গোলের দেখা পান তিনি।
ঢাকা,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই