অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের লড়াই থেকে গ্রুপ পর্বে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে নবম হওয়ার লড়াই প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের তরুণদেরকে ৭৭ রানে হারিয়েছে তরুণ টাইগাররা।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া বাংলাদেশ। জবাবে ঠিকই ৫০ ওভার খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু নয় উইকেট হারালেও মাত্র ১৪৬ রান সংগ্রহ করতে পারে তারা। ফলে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
দলীয় ২১ রানে বাংলাদেশের জয়রাজ শেখ মাঠ থেকে বিদায় নেন। তবে ওয়ানডাউনে নামা লিটন দাসকে নিয়ে ১২৪ রানের জুটি গড়ে তোলেন ওপেনার সাদমান ইসলাম। কিন্তু মাত্র তিন রানের জন্য টুর্নামেন্টের দ্বিতীয় শতক বঞ্চিত হন তিনি। দ্বিতীয় উইকেট মাঠ ছাড়ার আগে ৯৭ রান করেন এই ব্যাটসম্যান। পরে ৭৯ রান করে লিটন দাস আউট হলে কেউ দলের হাল ধরতে পারেননি। ফলে তিন ওভার খেলা হাতে থাকতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের।
২২৪ রানের লক্ষ্য দিয়ে মোসাদ্দেক হোসেনের স্পিন জাদুতে বিপর্যস্ত হয়ে পড়ে কিউই ব্যাটসম্যানরা। ৮৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেললে জয় তরান্বিত হয়। নির্ধারিত ওভার শেষে এক উইকেট হাতে রাখতে সমর্থ হয় ব্ল্যাক ক্যাপরা। শেষ পর্যন্ত রান্ডেল ৫১ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে বেন্টন ৪ রানে টিকে থাকেন।
মোসাদ্দেক ১০ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট পান। দুটি নেন নিহাদুজ্জামান।