ফিফা র‌্যাঙ্কিংয়ে টানা ২৯ মাস শীষস্থান ধরে রেখেছে বর্তমান ইউরোপিয়ান ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা যায় যথারীতি স্পেনের পরের স্থানে আছে জামার্নি ও আর্জেন্টিনা। এদিকে একই অবস্থানে আছে বাংলাদেশ।
গত মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের পর ১৮টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মজার বিষয় হলো শীর্ষ ২৫ দলের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তবে বড় উন্নতি হয়েছে আফ্রিকান দেশ মিশরের। ১০ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছে তারা।
এশিয়ার দলগুলোর মধ্যে ভাল অবস্থানে আছে ইরান। এক ধাপ নিচে নেমে ৭২৭ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে আছে দলটি। আগের চেয়ে এক ধাপ অবনমনে ৪৮তম স্থানে আছে জাপান। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে দুই ধাপ এগিয়ে ১৮৪ পয়েন্ট নিয়ে ১৩৮তম স্থানে আছে আফগানিস্তান। আর দুই ধাপ নিচে নেমে ১৫৬তম স্থানে আছে ভারত। তবে একই অবস্থানে আছে মালদ্বীপ ১৬৩তম, বাংলাদেশ ১৬৪তম, শ্রীলংকা ১৬৯তম, নেপাল ও পাকিস্তান ১৭২তম (যৌথভাবে)। যথারীতি কোনো পয়েন্ট না পেয়ে ২০৭তম স্থানে আছে ভুটান।
শীর্ষ ১০ দেশ: স্পেন (১৫০৭), জার্মানি (১৩১৮), আর্জেন্টিনা (১২৫১), কলম্বিয়া (১২০০), পর্তুগাল (১১৭২), উরুগুয়ে (১১৩২), ইতালি (১১২০), সুইজারল্যান্ড (১১১৩), নেদারল্যান্ডস (১১০৬) ও ব্রাজিল (১১০২)।