শেষ পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়েই দিয়েছেন দিয়েগো কস্তা। যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে। আগামী ৫ বছরের জন্য চেলসিতে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান বংশদ্ভূত ফুটবলার। যিনি সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলে স্পেনের হয়ে খেলেছেন।
আন্তর্জাতিক মিডিয়াগুলোর দেয়া তথ্য মতে, অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কস্তাকে দলে ভিড়িয়েছে চেলসি। দল বদলের বিষয়টি চূড়ান্ত করতে ইতোমধ্যে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছে দু্ই পক্ষ। আগামী সপ্তাহ থেকে চেলসির অনুশীলনে যোগ দিবেন কস্তা।
চেলসির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বসিত এই ফুটবলার বলেছেন,‘চেলসির মতো একটি ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে দারুণ আনন্দ অনুভব করছি। এমন একটি ক্লাবে যোগ দিতে পেরে একদিকে যেমন গর্ব অনুভব করছি, তেমনি ক্লাবের হয়ে অনেক অনেক শিরোপাও জেতার স্বপ্নও দেখছি। শিরোপা জয়ের মিশন নিয়েই চেলসিতে যোগ দিয়েছি আমি।’
গত মৌসুমে স্পেনিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে কস্তার পারফরম্যান্স ছিল চোখের পড়ার মতো। তার নেপুণ্যেই স্পেনিশ লা লিগা ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে শিরোপা জয় করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলেও রানার্স আপ হয়েছিল ক্লাবটি।
কস্তার মতো একজন ফুটবলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত চেলসি কর্মকর্তা ও সমর্থকরা। চেলসিতে কস্তার যোগ দেওয়ার বিষয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে এই বিষয়ে মুখ বন্ধ্বিই রেখেছিল দু’পক্ষ।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





