মৃত্যু ঝুঁকি নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের চিকিৎসক-নার্সরা।

করোনার সাথে সম্মুখ যুদ্ধে সংক্রমিত হয়ে বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা জাতি শোকাহত।

সেবা দিতে গিয়ে মারা যাওয়া এই চিকিৎসকের মৃত্যুতে হৃদয় ছুঁয়ে গেছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজারও।

বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই সম্মুখসারির যোদ্ধাকে ‘স্যালুট’ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা. মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে সামনের সারির যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।'

মাশরাফি আরো লিখেছেন, 'বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহা ক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন।

মানুষের প্রতি, দেশের প্রতি তাঁর এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মতো নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয়ই গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।'

ডা. মঈনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাশরাফি লিখেছেন, 'আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি, “স্যালুট"।'

এএস