স্টোক সিটির মাঠে হারতে বসা ম্যানইউকে রক্ষা করলেন রুনি। ম্যাচের অতিরিক্ত সময়ে দেওয়া গোলে স্টোক সিটির বিপক্ষে হারতে বসা ম্যাচটি ১-১ ড্র করলো মরিনহোর শিষ্যরা। আর এ গোল দিয়ে স্যার ববি চার্লটনকে পেছনে ফেলে ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লেখালেন রুনি।

প্রতিপক্ষের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে হুয়ান মাতার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। স্টোক সিটির এরিক পেটার্সের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মাতা। তবে ম্যাচের ৩১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মাতা। তবে ইব্রার বাড়ানো বলে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন স্পেনের এই তারকা।

দ্বিতীয়ার্ধে ম্যানইউকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন পল পগবা ও জেসে লিনগার্ড। কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে পেতে ব্যর্থ হন দুজনই। অবশেষে ৯৪ মিনিটে ইনজুরি সময়ে গোল করে দলকে হারের লজ্জা থেকে বাঁচান অধিনায়ক ওয়েইন রুনি। সে সঙ্গে ২৫০ গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মাইল ফলক স্পর্শ করলেন রুনি।

এই ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে ম্যানইউ। অপরদিকে একম্যাচ কম খেলে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।

এমএনজে