আসছে নভেম্বর মাসে প্রকাশিত হতে যাচ্ছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী গ্রন্থ।
সম্প্রতি টুইটারে টেন্ডুলকার নিজেই তার আত্মজীবনী প্রকাশের দিন-ক্ষণ ঘোষণা করেছেন। প্লেইং ইট মাই ওয়ে শিরোনামের এই আত্মজীবনীতে তিনি তুলে ধরবেন তার গোটা ক্রিকেট-জীবনের নানা জানা-অজানা তথ্য। এতে থাকবে তার ব্যক্তিগত ও পারিবারিক আখ্যানও।
গত বছরের ১৭ নভেম্বর টেন্ডুলকার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। ১৯৮৯-২০১৩ এই ২৪ বছরে টেন্ডুলকার ক্রিকেটের সম্ভব-অসম্ভব প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আছে তার ১০০টি শতরানের অনন্য অর্জন।
দেশের হয়ে তিনি জিতেছেন বিশ্বকাপও। ক্যারিয়ারের প্রায় পুরো সময়জুড়েই তিনি ছিলেন যেকোনো বিতর্কের ঊর্ধ্বে, একজন আদর্শ ক্রীড়াব্যক্তিত্ব। তার প্রকাশিতব্য আত্মজীবনী যে এখন থেকেই বিপুল আগ্রহ ও উন্মাদনার জন্ম দেবে, এটা বলাই বাহুল্য। সূত্র: জি নিউজ।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





