বিশ্বকাপ থেকে হয়তো ছিটকে গিয়েছেন৷ কিন্তু ব্রাজিলীয় সমর্থকদের জন্য সুখবর৷ হাসপাতালে বেশিদিন থাকতে হল না দলের তারকা নেইমারকে৷ পিঠের হাড় ভেঙে গেলেও শনিবারই হাসপাতাল থেকে নেইমারকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা৷

শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়া ডিফেন্ডার জুনিগা নেইমারকে পিছন থেকে ট্যাকল করতে গেলে পিঠে বড়সড় আঘাত পান বার্সেলোনা তারকা৷ মাঠেই লুটিয়ে পরেন ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন নেইমারের পিঠের হাড় ভেঙেছে৷

সঙ্গে সঙ্গেই ব্রাজিল দলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে চলতি বিশ্বকাপে আর কোনও ম্যাচই খেলা হবে না নেইমারের৷

কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকছেন তিনি৷ শনিবার তাই হাসপাতাল থেকে ব্রাজিল বেসক্যাম্পেই ফিরছেন নেইমার৷

এর আগে ম্যাচ শেষে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি বলেছিলেন, “হাঁটু দিয়ে তার পিঠের নিচের অংশে গুঁতো দেয়া হয়েছে এবং ব্যথায় সে কাঁদছিল। চিকিৎসক আমাদের যা বলেছেন তাতে আমি নিশ্চিতভাবেই বলতে পারি, তার সুস্থ হয়ে ওঠাটা সহজ হবে না।”

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্বাগতিক ব্রাজিল। দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় পড়ে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভাও।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই