পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের পর সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৬৯ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১০৩ রান করেন মুশফিক।

২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ১৪৭ ম্যাচে ১৩৬ ইনিংস খেলে ২১টি হাফ-সেঞ্চুরি করেছেন। এই ম্যাচ নিয়ে সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল তিনটি।

মুশফিকের ব্যাট থেকে সর্বশেষ সেঞ্চুরিটি আসে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ১১৭ রান করেছিলেন তিনি।

এরপর ৮টি হাফ-সেঞ্চুরি করলেও কোনোটিই সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি। বিশ্বকাপে সর্বোচ্চ ৮৯ রান করে আউট হয়েছেন তিনি। অবশেষে আরেকটি সেঞ্চুরি করলেন এই তারকা।

২০০৬ সালে অভিষেক হলেও প্রথম সেঞ্চুরি করেছিলেন ২০১১ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ১০১ রান করেছিলেন উইকেটরক্ষক- ব্যাটসম্যান মুশফিক।

জেডআই