ব্যালন ডি'অরের বর্ষসেরা ফুটবলারের তিন জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ম্যানুয়েল নয়ার।

এই নিয়ে অষ্টমবারের মতো চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন মেসি। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতে নেন তিনি। এরপর ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে পুরস্কারটি হাতছাড়া করেন এই তারকা।

২০১৪ সালে ক্লাব ফুটবলে কোনো শিরোপা জিততে পারেনি বার্সেলোনার মেসি। তবে জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। এতে রানার্স আপ হয় আর্জেন্টিনা।

এদিকে ২০০৮ সালে প্রথম বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর গত বছর মেসিকে পেছনে ফেলে আবারো সেটা নিজের করে নেন রোনালদো। জাতীয় দলের হয়ে জ্বলে না উঠলেও এবার ক্লাবের হয়ে ফর্মের তুঙ্গে আছেন পর্তুগালের এই তারকা।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে দশমবারের মতো ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শিরোপা জেতাতে অসাধারণ অবদান রাখেন রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গড়েন এক মৌসুমে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড।

গত মৌসুমে ক্লাব বায়ার্ন মিউনিখকে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নয়ারের।

আর ব্রাজিল বিশ্বকাপে তো নয়ারের পারফরম্যান্স এককথায় চমৎকার। গোলপোস্টের নিচে দারুণ নৈপুণ্যে জেতেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার।

আগামী ১২ জানুয়ারি জুরিখে দেয়া হবে ২০১৪ সালের এই ব্যালন ডি’অর পুরস্কার।

জেডআই