সোমবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জুরিখের ফিফার কংগ্রেস হাউসে আলো ঝলমলে মঞ্চ সাজানো। অধীর আগ্রহে অপেক্ষায় ফুটবল প্রেমীরা। কে হবে বর্ষসেরা ফুটবলার। ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকা ঘোষণা করলেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীর লিওনেল মেসি! কড়তালির মাধ্যমে বরণ করা হলো তাকে।
এ নিয়ে রেকর্ড পাঁচবার এ পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক।

দুই বছর পর নিজের রাজত্ব পুনরুদ্ধার করলেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে সোমবার রাতে পঞ্চমবারের মত ব্যালন ডি’অর জিতলেন এ তারকা ফুটবলার।
এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে শেষ তিনে ছিলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার।
তবে অন্য দুই প্রতিদ্বন্ধিকে টপকে শেষ হাসি হেসেছেন মেসি। ক্লাব ও দেশের পক্ষে ৬১ ম্যাচে ৫২ গোল করেছেন তিনি চলতি বছর। এছাড়া অ্যাসিস্ট হিসেবে সহযোগিতা করেছেন ২৬ গোলে। আর ক্লাবের হয়ে শিরোপা জিতেছেন ৫টি। আর ৫ শিরোপার ফাইনালে মেসির ৬টি গোল। প্রমাণ করে এতে তার ভূমিকা কতটা ছিল। ফলে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে ২০১৫ সালের সেরা ফুটবলারের মুকুট ওঠেছে মেসির মাথায়ই।
এর আগে টানা ৪ বছর ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। গত দুই বছর তাকে হটিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ তারকা রোনালদো। এ মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্স অসাধারণ হলেও দলীয়ভাবে কোন শিরোপা জিততে না পারায় দ্বিতীয় হতে হয়েছে তাকে। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার তৃতীয় হয়েছেন।

এছাড়া পুরুষ বিভাগের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সার স্প্যানিশ কোচ লুইস এনরিকে। বর্ষসেরা গোলদাতার পুরস্কার (পুসকাস অ্যাওয়ার্ড) জিতেছেন ওয়েন্ডেল লিরা (ব্রাজিল)। ওমেন ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন কার্লি লয়েড। সেরা মহিলা কোচের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের জিল এলিস।
ব্যালন জয়ের পর কাকার সঙ্গে মেসি
১৯৯১ সাল থেকে ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০১০ সাল থেকে সেটি পরিবর্তিত হয় ব্যালন ডি'অর-এ।
এআই





