আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জানিয়েছেন, বিশ্বকাপের নক আউট পর্ব থেকে বিদায় নেয়ার ভয়ে ছিলেন তিনি। অতিরিক্ত সময় প্রায় শেষ হওয়ার কাছাকাছি চলে আসলেও সুইজারল্যান্ডের জালে বল জড়াতে পারেনি আর্জেন্টিনা। এতে ভয় পেয়ে গিয়েছিলেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।
নক আউট পর্বের লড়াইয়ে জোরালো চেষ্টা করেও ৯০ মিনিটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে পরাস্ত করতে পারেনি দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ও প্রায় শেষ হয়ে আসছিল। সুইসরা চাচ্ছিল টাইব্রেকারের দিকে এগিয়ে যেতে। কিন্তু ভাগ্যের লড়াইয়ের আগেই খেলা শেষ করতে চেয়েছিল মেসিবাহিনী। অবশেষ খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে মেসির দুর্দান্ত পাস থেকে গোল করেন ডি মারিয়া।
ম্যাচ শেষে ২৮ বছরয় বয়সী মেসি বলেন, "শেষের দিকে আমি ভয় পেয়েছিলাম। কারণ আমরা তখনও কোনো গোল করতে পারিনি। কোনো একটি ভুল আমাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে পারত।"
তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলা এই তারকা আরো বলেন, " খেলার সময় শেষ হয়ে আসছিল। কিন্তু আমরা চাইনি ম্যাচটি টাই ব্র্রেকারে নিষ্পত্তি হোক।"
শেষ মুহুর্তে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে গোলটি শোধ করে দেয়ার সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু ভাগ্য দেবতা সহায় হওয়ায় বেঁচে যায় ম্যারাডোনার উত্তরসূরিরা।
চার ম্যাচের চারটিতে ম্যাচসেরা পুরস্কার জেতা মেসি বলেন, "এটা শুধু আমার জন্য নয়। ২৩ জনের বীরের সবাই ও টেকনিক্যাল স্টাফরাও এর অংশীদার। আমরা আমাদের জান-জীবন দিয়ে লড়াই করেছি।"
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





