ছয় বছর আগে ম্যাজিক্যাল ফিগার ১২-১২-১২ তে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে শিশিরকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সাকিব আল হাসান।

সাকিবের কাছ থেকে উপহার পাওয়া বিএমডব্লিউ’র ছবি নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন শিশির। গাড়িটিকে ‘চেরি ফল’ আখ্যা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শিশির লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর সেরা উপহারটির ওপর চেরি, সাকিব আল হাসানের তরফ থেকে।’ সেখানে দেখা যায়, সাদা রঙের গাড়িটির সামনের অংশ লাল রঙের ফিতা দিয়ে সাজানো।

সাকিবপত্নী শিশিরের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দুজনের পরিচয়। এর পর প্রণয়। শেষ পর্যন্ত প্রণয় পরিণত হয় পরিণয়ে। ঢাকঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।