স্মরণ করার মতো বার্সেলোনায় এক দশক পার করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০০৪ সালের ১৬ অক্টোবর এস্পানিওলের বিপক্ষে বার্সার মূল দলে অভিষেক হয় তার। মাত্র ১৭ বছর ১১৪ বয়সে ৩০ নম্বর জার্সি পরে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। এর মধ্য দিয়ে লা লিগায় বার্সার সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।
বার্সার মূল দলের হয়ে গত ১০ বছরে ৪৩৪টি ম্যাচে খেলেছেন মেসি। করেছেন ৩৬১ গোল। আর ২১টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এতে জিতেছেন ছয়টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি কোপা ডেল রে, দুটি উয়েফা সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ। এছাড়া ন্যূ ক্যাম্পে ঝলক দেখিয়ে টানা চারবার ফিফা ব্যালন ডি অর পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন।
লা লিগায় সর্বকালের সেরা গোল স্কোরার হওয়া কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের সামনে এখনও অনেকগুলো মৌসুম রয়ে গেছে। ফলে নিজেকে আরো ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই ফুটবলার।
জেডআই





