স্প্যানিশ কোপা ডেল রের ম্যাচে বুধবার দিবাগত রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কাদিজের বিপক্ষে এদিন তারা ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয়। কিন্তু জিতেও নির্বাসনের মুখে পরেছে দলটি।

নিষেধাজ্ঞা প্রাপ্ত রিয়ালের খেলোয়াড় ডেনিস চেরিশেভকে মাঠে নামানোয় এবং সে গোল পাওয়ায় রিয়ালের বিরুদ্ধে রিপোর্ট করেছে কাদিজ।

নিয়মানুযায়ী নিষিদ্ধ কোনো খেলোয়াড়কে খেলানো এবং তার মাধ্যমে গোল পাওয়ার অপরাধে স্প্যানিশ কোপা ডেল রে থেকে নির্বাসিত হতে পারে রিয়াল মাদ্রিদ।

গেল মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছিলেন চেরিশেভ। সেখানে তিনি তিনটি হলুদ কার্ড দেখেছিলেন। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দেন। নিয়মানুযায়ী তিনটি হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নিষিদ্ধ হন চেরিশেভ।

কিন্তু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বুধবার দিবাগত রাতে রাফায়েল বেনিতেজ তাকে মাঠে নামান। রিয়ালের হয়ে তিনি মাঠে নামেন এবং গোলও করেন।

এই বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দিয়েছে কাদিজ। ক্লাবটির বোর্ড অব ডিরেক্টর ম্যাচ শেষে দেখা করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে।

গেল মৌসুমে নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোর কারণে ওসাসুনাকে কোপা ডেল রে থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার রিয়ালের ভাগ্যে কী অপেক্ষা করছে সেটা দেখার বিষয়।

অবশ্য স্প্যানিশ ফুটবলবোদ্ধারা দাবি করেছেন ফুটবলের স্বার্থে, স্প্যানিশ কোপা ডেল রের প্রতিযোগিতার স্বার্থে ১৯বারের চ্যাম্পিয়ন রিয়ালকে নিষিদ্ধ করা ঠিক হবে না।

তাছাড়া রিয়াল স্পেনের খুবই প্রভাবশালী একটি ক্লাব। ওসাসুনাকে সহজেই নিষিদ্ধ করা হলেও রিয়ালকে নিষিদ্ধ করার আগে দ্বিতীয়বার ভাবতে হবে ফুটবল ফেডারেশনকে।

বুধবার কাদিজের মাঠে ম্যাচের ৩ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল। দলটির হয়ে গোল করেন নিষিদ্ধ খেলোয়াড় ডেনিস চেরিশেভ। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বেনিতেজের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ইসকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। ৭৪ মিনিটেন ইসকো জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৩-০।

ম্যাচের ৮৮ মিনিটে কাদিজের মিডফিল্ডার ‘কিকে’ একটি গোল শোধ করলেও হার এড়ানোর জন্য সেটা যথেষ্ট ছিল না।

এমকে