এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার একাদশে সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে!

এখন পর্যন্ত কলকাতা আট ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। আজ নিজেদের নবম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে গৌতম গম্ভীরের দল। আজ একাদশে সুযোগ পাবেন সাকিব?

পাঁচ ম্যাচ বেঞ্চে বসে কাটানোর পর কলকাতার ষষ্ঠ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলেছিলেন সাকিব। ওই ম্যাচে সাকিব শেষ বলে ব্যাট করতে নেমে ১ রানে অপরাজিত ছিলেন। তিন ওভার বল করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

পরের দুই ম্যাচে আবার একাদশে উপেক্ষিত থাকেন সাকিব। টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার আজও উপেক্ষিত থাকবেন নাকি সুযোগ পাবেন, সেটা জানা যাবে কয়েক ঘণ্টা পর।

কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। এই আইপিএলে প্রথম দেখায় দিল্লিকে এক বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়েছিল কলকাতা।

এমএনজে