শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভ সুচনা করেছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। তবে তার আগে শেষ চার নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। যশোরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছন কোচ মারুফুল হক।

কোচ বলেন, ‘সাফে ভালো করতে পারিনি। এ কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপে ভাল করার স্পৃহা ছিল বেশি। আমাদের লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জয়। প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা।’

৪-২ গোলে জিতলেও পুরোপুরি খুশি হতে পারেননি কোচ মারুফুল।

খেলোয়াড়দের আত্মতুষ্টির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা অল্পতেই তুষ্ট হয়ে যাই। এটা আমাদের জাতিগত অভ্যাস লক্ষ্য করেছি, প্রথমার্ধে ৩-১ হয়ে যাওয়ার পর সন্তুষ্টি চলে এসেছিল ছেলেদের মধ্যে। আর এ কারণে বিরতির পর দল প্রত্যাশিত খেলতে পারেনি।’

তবে সামনের ম্যাচগুলোতে এভাবে আত্মতুষ্টিতে না ভোগার জন্য শিষ্যদের সতর্ক করে দেন তিনি।

তিনি আরো বলেন,‘ এ ম্যাচ জয়ের আনন্দে গা ভাসানো চলবে না। আজকের পারফরম্যান্স পরের ম্যাচে ধরে রাখতে হবে, সেটাই হবে ইতিবাচক।’

এমকে