শুধু তার ফুটবল কেরিয়ার নয়, মেসির জীবনে বার্সেলোনা ক্লাব যেন একটি আশ্রয়কেন্দ্র৷ ছোটবেলার সেই জটিল অসুখ সারিয়ে বড় হয়ে ওঠা থেকে আজকের দুনিয়ার সবচেয়ে তারকা ফুটবলার হওয়ার পিছনে কাতালান ক্লাবটির অবদান ভোলার নয়৷

বার্সেলোনার ঋণ মেসি নিজেও কোনো দিন শোধ করতে পারবেন না, নিজের প্রাণের ক্লাবের জার্সিতে একের পর ম্যাচ জিতেছেন। বহুবার একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন দলকে। তার পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিন্তু এই ছবি আর কতদিন দেখা যাবে? সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে এখন ফুটবল মহলে।

মেসির বার্সা ছাড়ার জল্পনা মাঝে মধ্যেই মাথা চাড়া দেয়৷ সমর্থকদের আস্বস্ত করে মেসিকেই বলতে হয়, এই ক্লাব থেকেই অবসর নেবেন তিনি৷ এবার অবশ্য বিষয়টা বেশ সিরিয়াস! ফুটবলের বরপুত্র মেসিকে এবার অবিশ্বাস্য অফার দিয়েছে চিনের হেবেই ফরচুন ক্লাব।

জানা গিয়েছে, স্পেন থেকে উড়িয়ে চিনের এই ক্লাবে খেলতে আসার জন্য মেসিকে তারা ৫০০ মিলিয়ন ইউরো অফার করেছেন, যা বার্সেলোনায় মেসির পাওয়া অর্থের ছয়গুণ।

আগামী বছরেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সার। এর পরেও তারা মেসিকে রেখে দেবেন বলে জানিয়েছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির কর্তৃপক্ষ। তবে কত টাকার চুক্তিতে মেসি বার্সায় থাকবেন, তা কিন্তু বলা মুশকিল।

এই পরিস্থিতিতেই চিনা ক্লাবটি বিপুল অঙ্কের অর্থ দিয়ে মেসির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাইছে। যা শুনে সম্ভবত চোখ কপালে উঠেছে স্বয়ং মেসির৷ তিনি কি তাহলে অন্য কিছু ভাবতে শুরু করলেন? এটা অবশ্য সময়ই বলবে!

মাহমুদ