গত সপ্তাহে কোপা ডেল রে থেকে ছিটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার লা লিগায় জয় পেয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেল কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। সেই সঙ্গে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল তারা।
রোববার প্রতিপক্ষ গেটাফের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সঙ্গে গ্যারেথ বেলের একমাত্র গোলে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা। এদিকে সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পরের স্থানে আছে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট অর্জন করা অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিন খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পরও গোল পেতে সময় নেয় রিয়াল মাদ্রিদ। তবে ৬৩ মিনিটে রোনালদো গোলমুখ উন্মোচন করার চার মিনিটের মধ্যে দলের লিডকে ডাবলে নিয়ে যান গ্যারেথ বেল।
৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। এরপর রিয়ালের আর কেউই গোলের দেখা পায়নি। আর স্বাগতিক গেটাফে একটি গোলও শোধ করতে পারেনি। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
জেডআই





