ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন টাইগাররা। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি ছিল ক্রিকেটারদের। এর আগে অবশ্য জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলেছেন তারা।

সোমবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধান কোচ হাথুরুসিংহে ও জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের উপিস্থিতিতে শারীরিক অনুশীলন ও ফুটবল অনুশীলনের মধ্য দিয়ে সিরিজের প্রথম দিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছেন টাইগার সদস্যরা।

প্রথম দিনের ক্যাম্পে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শহীদ ও তাইজুল ইসলাম।

ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের হয়ে সফরে থাকায় প্রথম টেস্টের ঘোষিত দলের ক্রিকেটারদের মধ্যে ছিলেন না মুমিনুল হক, সৌম্য সরকার, নাসির হোসেন, লিটন কুমার দাস, রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন।

অন্যদিকে দেশের বাইরে থাকায় সহ-অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন না সোমবার।

সোমবার থেকে টাইগারদের অনুশীলন শুরু হলেও অস্ট্রেলিয়া আসছে কিনা এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ চূড়ান্ত হবে এই বিষয়েও কিছু জানে না বিসিবি। অবশ্য বিসিবির জানার কথাও নয়। নিরাপত্তা পরিদর্শক দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্য নির্ধারিত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে সোমাবার প্রধান নির্বাহী জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

কেএইচ