কুমার সাঙ্গাকারার অসাধারণ সেঞ্চুরিতে ইংলিশ কাউন্টি ক্রিকেটে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ফাইনালে পৌঁছে গেছে সারে। সোমবার ওভালে সেমিফাইনালে নটিংহ্যামশায়ারকে চার রানে পরাজিত করে সারে ফাইনাল নিশ্চিত করে।
অভিজ্ঞ এই লংকান বাঁহাতি ব্যাটসম্যান ১৩৮ বলে করেছেন ১৬৬ রান যা এই টুর্নামেন্টে এবারের মৌসুমে সর্বোচ্চ। আগামী ১৯ সেপ্টেম্বর লর্ডসের ফাইনালে সারের প্রতিপক্ষ গ্লস্টারশায়ার।
৩০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নটিংহ্যামশায়ার। সারের হয়ে ১৭ বছর বয়সী স্যাম কারান নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। তার উপর ইংল্যান্ড জাতীয় দলে খেলার কারণে সফরকারীদের দলে ছিলেন না অ্যালেক্স হালস এবং জেমস টেইলর। কিন্তু মিডল অর্ডারে বেশ ভালই সামাল দিয়েছেন গ্রেগ স্মিথ। ১৩৪ বলে তার করা ১২৪ রানের সাথে সামিত প্যাটেল ও ড্যান ক্রিস্টিয়ানের অর্ধ শতকে নটিংহ্যামশায়ার ম্যাচে ফিরে আসে। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রানে প্রয়োজন হলেও শেষ পর্যন্ত ১০ রান সংগ্রহ করতে পেরেছিল নটিংহ্যাম।
এর আগে তিন ঘন্টা টানা ক্রিজে থেকে ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা নিজের ফিটনেসের দুর্দান্ত প্রমাণ দিয়েছেন। ১৩৮ বলে ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সহায়তায় তার ব্যাট থেকে এসেছে ম্যাচ জয়ী ১৬৬ রানের ঝকঝকে ইনিংস। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে তিনি মাত্র ২৯টি বল খেলেছেন।
ম্যাচ শেষে সারের অধিনায়ক গ্যারেথ ব্যাটি বলেছেন, কুমার সাঙ্গাকারার ইনিংসই আজ ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। আমি মনে করি সে এখনো বিশ্বের সেরা খেলোয়াড়। সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে, এটা বিশ্ব ক্রিকেটের জন্য লজ্জার হলেও আমাদের জন্য দারুণ সুখবর। ৩০০ রান জয়ের জন্য যথেষ্ট হলেও আমরা জানতাম ম্যাচটাতে প্রতিদ্বন্দ্বীতা হবে। কারণ নটস একটি দারুণ দল, গ্রেগ স্মিথ আজ দারুণ খেলেছে।
নটিংমহ্যামের অধিনায়ক রিড বলেছেন, সাঙ্গাকার অসাধারণ ইনিংসের পরে ম্যাচে টিকে থাকতে হলে আমাদের বিশেষ কিছু করে দেখানোর প্রয়োজন ছিল। মোটামুটি কাছাকাছি গেলেও শেষ মুহূর্তে কিছু উইকেটের পতনে আমাদের জয় আসেনি।
জেডআই





