লিভারপুল ছেড়ে বার্সেলোনায় আসলেও মেসিদের সঙ্গে অনুশীলনে নামা হয়নি উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজের। ক্লাবের পক্ষ থেকে তার পরিচিত পর্বও সম্পন্ন করা হয়নি। তবে সেই বাধা আর থাকছে না। অনুশীলন করার অনুমতি পেয়েছেন তিনি। ফলে পরিচিত পর্ব সম্পন্ন করার আগেই শুক্রবার মেসিদের সঙ্গে অনুশীলনে নামছেন এই তারকা। বার্সেলোনার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ইতালির ডিফেন্ডার গিওর্গিও চেইলিনিকে কামড় দেয়ায় চার মাসের জন্য ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকান্ড থেকে সুয়ারেজকে নিষিদ্ধ করেছিল ফিফা।
বিশ্বকাপের পর ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন উরুগুয়ের এ স্ট্রাইকার। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে মাঠে নামতে পারেননি। এমনকি ক্লাবের পক্ষ থেকে গণমাধ্যমের সামনেও তাকে উপস্থাপন করা হয়নি।
এই শাস্তি কমানোর জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিলেন সুয়ারেজ। বৃহস্পিতবার আদালত রায় ঘোষণা করা হয়। এতে ফুটবল মাঠে নিষিদ্ধ থাকার শাস্তি না কমালেও অনুশীলন সহ খেলার উন্নতির জন্য অন্যান্য কর্মকান্ডে যুক্ত হওয়ার বিষয় অনুমতি দেয়া হয়েছে।
ফলে শুক্রবার থেকে ন্যু ক্যাম্পে অনুশীলন করতে সুযোগ পাচ্ছেন তিনি। যদিও আগামী সোমবার ক্লাব তাকে আনুষ্ঠানিকভাবে পরিচিত পর্ব সম্পন্ন করবে।
বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, "সুয়ারেজের শাস্তির বিপক্ষে আপিলের রায় ঘোষণার পর বার্সেলোনা নিশ্চিত করছে যে শুক্রবার তিনি দলের হয়ে প্রথম অনুশীলনে মাঠে নামবেন। তবে আগামী সোমবার জোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচের দিন সুয়ারেজকে ক্লাবের পক্ষ থেকে পরিচিত করানো হবে।"
শাস্তির মেয়াদ শেষে আগামী ২৭ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে অভিষেক হবে সুয়ারেজের।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





