দক্ষিণ আফ্রিকায় গতবারের বিশ্বকাপে অক্টোপাস পল’-এর একের পর এক ভবিষ্যদ্বাণী সঠিক হওয়াটা সবাই আজও মনে রেখেছে। এবার পল না থাকলেও কচ্ছপ, হাতি, জায়ান্ট পান্ডারা প্রায় প্রতি ম্যাচেই নিজস্ব স্টাইলে ভবিষ্যদ্বাণী করে চলেছে।

মঙ্গলবার বেলো হরাইজন্তেতে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে ব্রাজিল এবং জার্মানি। পিঠে চোট পেয়ে ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের মহাতারকা নেইমার। তাই ব্রাজিল আদৌ জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে কি না তা নিয়ে দ্বিমত রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। ব্রাজিল সমর্থকদের জন্য অবশ্য সেমিফাইনালের আগে স্বস্তির খবর এনে দিয়েছে ‘ক্যাবেকা’। কে এই ক্যাবেকা! না কোনও মানুষ নয়, এ হলও কচ্ছপ। ব্রাজিল-কলআম্বিয়া কোয়ার্টার ফাইনালে তার বাজি ছিল ব্রাজিল। মিলেও গিয়েছিল সেই ভবিষ্যদ্বাণী।

সেমিফাইনালেও ব্রাজিলকেই এগিয়ে রাখল ক্যাবেকা। তার ভবিষ্যদ্বাণী অনুসারে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠতে চলেছে নেইমার-হীন ব্রাজিল। প্রাইয়া দো ফোর্তের অ্যাকুয়ারিয়ামে এ দিন ক্যাবেকাওকে ঘিরে ছিল উৎসাহী দর্শকদের ভিড়। ব্রাজিল ও জার্মানির পতাকার নিচে দুটি সার্ডিন মাছ ঝুলিয়ে রাখা হয়। প্রথমে জার্মানির পতাকার সঙ্গে রাখা মাছটির দিকেই এগিয়ে যায় এই বিস্ময়-কচ্ছপ। কিন্তু, তারপর ধীরে ধীরে ক্যাবেকা সরে আসে ব্রাজিলের পতাকার দিকে। খেয়ে নেয় ব্রাজিলের পতাকার সঙ্গে রাখা সার্ডিন মাছটি।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই