ফিফটি করেই ফিরেছিলেন তামিম। তবে তার বিদায়ের প্রভাব দলের ওপর পড়তে দিচ্ছিলেন না ইমরুল কায়েস-মুমিনুল হক। দুজনই দ্রুত রান তুলছিলেন। তাদের ব্যাটে এগোচ্ছিল বাংলাদেশও। কিন্তু ভালো খেলতে খেলতে হঠাৎই খেই হারিয়ে ফেললেন ইমরুল। লক্ষণ সান্দাকানের এলবিডব্লিউর শিকার হয়ে ফিরলেন তিনি। ফেরার আগে ৭৫ বলে ৪ চারে ৪০ রান করেন এ বাঁহাতি ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭.৪ ওভারে বাংলাদেশের স্কোর ১২০/২। এখন চলছে লাঞ্চ বিরতি। মুমিনুল ২৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ সূচনা করেন দুই ওপেনার তামিম-ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭২ রান।

ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত হার মানেন তিনি। অফস্পিনার দিলরুয়ান পেরেরার অসাধারণ কুইকারে বোল্ড হয়ে ফেরেন ড্যাশিং ওপেনার। ফেরার আগে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন দেশসেরা এ ব্যাটসম্যান।