বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে হেরেছে বাংলাদেশ। বুধবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে কোচ লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।
ছয় জাতির আন্তর্জাতিক এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ মাঠে নামলেও তাদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু সেই দলের বিপক্ষে হার এড়াতে পারল না তারা।
খেলার শুরু থেকে বেশ পরিশ্রম করে খেলছিল বাংলাদেশ দল। কিন্তু খেলার শুরুতেই গোল হজম করার উপক্রম হয় তাদের। তবে গোলপোস্ট তাদের রক্ষা করে।
এর কয়েক মিনিটে বাংলাদেশও আক্রমণ চালায়। কিন্তু গোল করতে সক্ষম হয়নি স্বাগতিকরা। খেলার ১০ মিনিটে দুর্দান্তভাবে বল নিয়ে বাংলাদেশের দিকে আক্রমণ চালায় মালয়েশিয়া। কিন্তু তাকে অবৈধভাবে ধাক্কা দিয়ে সাময়কি পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। ১১ মিনিটে দুর্দান্ত এক স্পট শট নেয় মালয়েশিয়ার খেলোয়াড়। এবারও গোলবার রক্ষা করল বাংলাদেশকে।
এরপর বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ চালায়। প্রথমার্ধের শেষ মিনিটেও দুর্দান্ত আক্রমণ চালায় তারা। গোলের দেখা মেলেনি তাদের।
বিরতির পর শুরু থেকেই আক্রমণ চালায় মালয়েশিয়া। ম্যাচের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে সাফওয়ানের কিক করা বল ফিরাতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক। ফলে ১-০ গোলে পিছিয়ে যায় স্বাগতিকরা।
এরপর গোলের জন্য মরিয়া হয়ে যায় বাংলাদেশ দল। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। কিন্তু গোলের দেখা মেলেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।
একদিন আগে অনুশীলন দেখতে গিয়ে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ঘোষণা করেছিলেন উদ্বোধনী ম্যাচে জয় পেলে ৩০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। কিন্তু তাতে সফল হতে পারল না মামুনুলরা।
জেডআই





