ক্রিকেটারদের মাঠে ‘স্মার্টওয়াচ’ পরার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ম্যাচ ফিক্সিং বন্ধ করতে সংস্থাটি শুক্রবার (২৫ মে) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “আইসিসির খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল এরিয়া (পিএমওএ) রেগুলেশন অনুযায়ী, ‘স্মার্টওয়াচ’পরে মাঠে নামা যাবে না।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ম্যাচ চলাকালীন কোনরকম কমিউনিকেশান ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায় -এমন কোন ডিভাইস ক্রিকেটাররা খেলা চলাকালীন ব্যবহার করতে পারবেন না। ম্যাচের দিন মাঠে আসার আগেই নিজেদের স্মার্টফোন ও স্মার্টওয়াচ বা অন্য কোন ভিভাইস যা ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায় তা জমা দিয়ে দিতে হবে খেলোয়াড়দের।”
আইসিসির এক মুখপাত্র ইএসপিন-ক্রিকইনফোকে বলেছেন, স্মার্টওয়াচগুলো ফোন কিংবা ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত হয়ে বার্তা গ্রহণ করতে পারে, যেটা আইনের পরিপন্থী। যোগাযোগমাধ্যমটি অকার্যকর না করলে এটাকে ফোন হিসেবেই ধরা হয়।
চলতি লর্ডস টেস্টের প্রথম দিনে ‘স্মার্টওয়াচ’পরে মাঠে নেমেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা- এমনটি জানিয়েছে ব্রিটিশ মিডিয়াগুলো।
ব্রিটিশ মিডিয়াতে বলা হয়েছে, দুইজন পাকিস্তানের খেলোয়াড়ের হাতে দেখা গিয়েছে এই ডিভাইস। তবে জানা যায়নি এই ডিভাইসগুলি ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল কি না?
লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের পেসার হাসান আলী বলেন, আমি জানিন না ম্যাচের সময় কে এই ডিভাইস পরে ছিল। তবে ম্যাচ শেষে আইসিসি অ্যান্টি করাপশান অফিসার এসে আমাদের জানালেন এটি পরা নিষিদ্ধ। আমরা কেউ আর এটা পরবো না।
উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন একমাত্র ম্যাচ অফিশিয়ালরাই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কিছু কমিউনিকেশান ডিভাইস ব্যাবহার করতে পারেন।
এমবি





