দ্বিতীয় ম্যাচের গেরো ছাড়াতে লোর মনোযোগ ফুটবলে। জার্মান কোচ চাইবেন তাঁর ছাত্ররা যেন একই ঘটনার পুনরাবৃত্তি না করে আজ। গত কয়েকটি বিশ্বকাপে এই যেন জার্মানির নিয়তি। প্রথম ম্যাচের গতি কেন দ্বিতীয় ম্যাচে থমকে যায়,জার্মানির কাছে এ এক গোলকধাঁধা।
১৯৯৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ ড্র। ১৯৯৮ বিশ্বকাপে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে যুগোস্লাভিয়ার বিপক্ষে ২-২ ড্র। ১৯৯৮ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবকে ৮-০ গোল প্লাবনে ভাসিয়ে পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র। গত বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ হারিয়ে পরের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ০-১ গোলে পরাজয়।
শুধু বিশ্বকাপ নয়, ইউরো কাপেও একই অবস্থা। ২০০৮ ইউরোতে প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-২ গোলের পরাজয়। এবার বিশ্বকাপে প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে আজ রাতে ফোর্তালেজায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে জার্মানরা নামবে ঘানার বিপক্ষে। এবার কি হবে?
কোচ জোয়াকিম লো অবশ্য একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দিতে চান না। বললেন, মানসিক দিক দিয়ে আপনাকে প্রচুর মনোযোগী হতে হবে। ২০০৮, ২০১০-এ আমরা প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচে হেরেছিলাম। এটি এবারও হোক, কিছুতেই চাই না। ইতালি কিন্তু এরই মধ্যে কোস্টারিকার বিপক্ষে এ সমস্যায় পড়েছে। হল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিপক্ষে কষ্ট করে জিততে হয়েছে। প্রথম ম্যাচে জেতা অসাধারণ ব্যাপার। কিন্তু আপনাকে এটা ধরে রাখতে হবে। এক জয় কিছুতেই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে হবে। সূত্র: এএফপি।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





