বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে ছিটকে পড়লেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। ডান পায়ের ইনজুরির কারণে শেষ মুহুর্তে নিজেকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন তিন নম্বর বাছাই।
তার এই সিদ্ধান্তে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের সামনে এক ক্যালেন্ডার বছরে সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরল কৃতিত্ব লাভের পথটা আরো কিছুটা সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শারাপোভার নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস ওপেন টুর্নামেন্ট পরিচালক ডেভিড ব্রুয়ার। তার স্থানে বাছাই খেলোয়াগ হিসেবে রাশিয়ার ডারিয়া কাসাটকিনা সুযোগ পেয়েছেন।
টুইটারে এ সম্পর্কে শারাপোভা লিখেছেন, ‘দূর্ভাগ্যবশতঃ এ বছরের ইউএস ওপেনে আমার খেলা হচ্ছে না। নিজেকে প্রস্তুত করে তোলার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করেছি। কিন্তু শতভাগ ফিট হবার জন্য সময়টা যথেষ্ঠ ছিলনা। আমার সব অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, খুব শিগগিরই আমি কোর্টে ফিরে আসবো। সুস্থ ও সুন্দরভাবে বছরটা শেষ করাই এখন মূল লক্ষ্য।’
এবারের ড্র অনুযায়ী সেমিফাইনালেই সেরেনার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে শারাপোভাকে মোকাবেলা করার কথা ছিল। এখন শারাপোভার অনুপস্থিতিতে শেষ চারে সপ্তম বাছাই সার্বিয়ান আনা ইভানোভিচ ৩৩ বছর বয়সী সেরেনা সম্ভাব্য প্রতিপক্ষ।
১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পরে প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দারুণ এক সুযোগ এবার সেরেনার সামনে।
গত মাসে উইম্বলডনের সেমিফাইনালে সেরেনার কাছে পরাজতি হবার পর থেকে ইনজুরির কারণে কোর্টে নামতে পারেননি শারাপোভা। এ সম্পর্কে শারাপোভা জানিয়েছেন এটি প্রতিদিনের একটি প্রক্রিয়া। প্রতিদিনই নিজেকে কিছুটা সুস্থ মনে হয়। এখানে জোর করে কোন কিছু করার উপায় নেই।
শারাপোভার বিপক্ষে সেরেনার জয়-পরাজয়ের রেকর্ডটা অবশ্য একেবারেই একপেশে। ১৮টি জয়ের বিপরীতে যুক্তরাষ্ট্রের শীর্ষ তারকা পরাজিত হয়েছেন মাত্র দুটিতে। এর মধ্যে শেষ ১৭ বারের দেখায় একটিতেও রাশিয়ান তারকাকে ছাড় দেননি সেরেনা। গত তিন বছরে দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়া শারাপোভা বলেছেন এটা শুধুমাত্র পেশীর টান। বিষয়টা খুব একটা গুরুতর নয়।
জেডআই





