বিশ্বসেরা প্রশ্নে লিওনেল মেসির চেয়ে নিজেকেই এগিয়ে রাখেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এবারের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার বার্সেলোনা ফরোয়ার্ড মেসিই পাবেন বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ তারকা।

গত সাত বারের মতো এবারও ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের মূল লড়াইটা মেসি আর রোনালদোর মধ্যেই হচ্ছে। তিন বারের বর্ষসেরা রোনালদো এবারের পুরস্কারটি গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ গোল করা মেসির হাতেই দেখতে পাচ্ছেন।

“সত্যি বলতে কী আমি মনে করি, এ বছর মেসি জিতবে। কারণ, এই ধরনের ট্রফি জেতা ভোটের উপর নির্ভর করে।”

“আমি সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা মৌসুমটি কাটিয়েছি, যেটা ভালো এবং আমি ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ছিলাম। কিন্তু এটা ভোটের বিষয়। … সত্যি বলতে কী এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। কারণ, আমি অনেকবার যেমনটা বলেছি, তিন বার যে এটা জিতব তা আমি কখনও ভাবিনি”, যোগ করেন রোনালদো।

আইটিভিকে গত শনিবার দেওয়া সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন রোনালদো।

“তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। সে একটি ক্লাবের হয়ে খেলে, আমি আরেকটি ক্লাবের হয়ে খেলি। সে তার সেরাটা জিতেছে, আমি আমার সেরাটা জিতেছি। আমাদের সম্পর্ক ভালো।”

এমআর