ওয়ানডে সিরিজে জয় তো দূরের কথা ড্র করতেও পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ভেসে গিয়েছে। এবার টাইগারদের সামনে টেস্ট সিরিজ। এতে জয় নয়, ড্র করাই লক্ষ্য তাদের। সেই লক্ষ্যে আজ শুক্রবার কিংসটাউনের আর্নস ভ্যালের মাঠে নামছে মুশফিক বাহিনী। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০০৯ সালে ২-০ তে জিতেছিল টাইগাররা। সেবার কিংসটাউনের মাঠেই প্রথম জয় পেয়েছিল তারা। সেটিই ছিল বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। কিন্তু এবার সেই মাঠেই ড্রয়ের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহ। তিনি বলেছেন, "আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ম্যাচটি ড্র করা।"
ম্যাচটিতে ব্যাটিং নির্ভর দল গঠন করবে বাংলাদেশ। যেমনটা শোনা গেছে কোচের মুখেও। তিনি বলেছেন, "আমরা যদি ভাল খেলি, ভাল ব্যাট করি, ম্যাচটিতে আমরা ভাল করব। আমাদের বোলিং স্টক সীমাবদ্ধ। আমরা অবশ্যই দীর্ঘ সময় ব্যাট করা ও রান করার চেষ্টা করব এবং ম্যাচটি নিজেদের করে নেব।"
এই ম্যাচের জন্য বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে তামিমের ব্যাটের দিকে। ২০০৯ সালে জয় পাওয়া ম্যাচটিতে তার ব্যাটে হাসি ফুটেছিল লাল-সবুজ বাহিনীর। সেবার সেঞ্চুরি করেছিলেন তামিম। এবার তামিমের সঙ্গে ভরসা থাকবে দলনেতা মুশফিকের রহিমের প্রতিও। কারণ টেস্টে ডাবল সেঞ্চুরি করা দেশের একমাত্র ক্রিকেটার তো তিনিই। সেই সঙ্গে দলনেতা।
প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন মুশফিক। অপরাজিত ছিলেন তিনি। শতরান পূর্ণ করেছিলেন নাসির হোসেন। ফলে তাদের সঙ্গে এনামুল, কায়েসদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন হতে পারে বাংলাদেশের। এদিকে বোলিংয়ে ভরসা আল আমিন হোসাইন। তার সঙ্গে থাকতে পারেন তাইজুল ইসলাম, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।
সম্ভাব্য বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শুভাগত হোম/রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





