খেলোয়াড়দের ধর্মঘটের কারণে বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার জিম্বাবুয়ে তাদের দল ঘোষণা করেছে। দলে পুনরায় ডাক পেয়েছেন তাফাদজুয়া কামুঙ্গোজি।
জিম্বাবুয়ে দলে একমাত্র বিস্ময় কামুঙ্গোজির অন্তর্ভুক্তি। খেলোয়াড়ী জীবনে এ পর্যন্ত চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৬ বছর বয়সী এ লেগ স্পিনার সর্বশেষ ২০০৬ সালে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
বাংলাদেশে ১৬ মার্চ শুরু হওয়া এ টুর্নামেন্টে ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। সুপার ১০-এর মূল পর্বে খেলতে হলে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করতে হবে জিম্বাবুয়েকে।
যদিও বা আরো আগেই আইসিসি’র কাছে নাম পাঠানোর নির্দেশনা ছিল এবং অন্য সবদলই যথাসময়ে তা পাঠিয়েছে। কিন্তু দেনা-পাওনা না পেয়ে গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের খেলোয়াড়রা ধর্মঘটের ডাক দেয় এবং জাতীয় দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিতে অস্বীকার করে। তাই দলের নাম পাঠাতে অতিরিক্ত কয়েক দিন সময়ের আবেদন জানালে আইসিসি তা অনুমোদন করে। আর্থিক সংকটে থাকা জিম্বাবুয়ে ক্রিকেটকে আইসিসি ৩০ লাখ ডলার লোন দেয়া পর খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, প্রসপার উতসেয়া, এলটন চিগুম্বুরা, শেন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, ভুসি সিবানন্দা, সিকান্দার রাজা, ব্রায়ান ভিটোরি, তেন্দাই চাতারা, নাতসাই মাসাংবে, শিঙ্গিরাই মাসাকাদজা, টিমিসেন মারুমা, তাফাদজুয়া কামুঙ্গোজি, তিনাশে পেনিয়াঙ্গারা।