ইতিহাসে প্রথমবারের মতো ভুটানের কাছে হেরে এশিয়ান কাপ ফুটবলের প্রাক বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

সোমবার প্লে অফের ফিরতি ম্যাচে ভুটানের সঙ্গে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। ভুটানের কাছে এটাই বাংলাদেশের প্রথম হার।

প্লে–অফে ঢাকায় হোম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল টম সেইন্টফিটের শিষ্যরা।

ফিরতি ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বে উঠে যেত।

কিন্তু ড্র তো দূরের কথা, উল্টো ৩-১ গোলের ব্যবধানে হারের লজ্জা নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

এর আগে ভুটানের সঙ্গে ১১টি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। ৮টিতে জিতেছিল বাংলাদেশ। ড্র হয়েছিল ৩টি ম্যাচ।

সোমবার স্বাগতিকদের ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। হেড করে জালে পাঠিয়ে বাংলাদেশের বিপক্ষে ভুটানকে এগিয়ে দেন জিগমে দর্জি।

২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেনচো গেইলস্থেন। প্রথমার্ধে বাংলাদেশ কোনো সফলতার মুখ দেখেনি।  

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে মামুনুলের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন আতিকুর রহমান মিশু।

তবে ৭৬ মিনিটে চেনচো নিজের জোড়া গোলে স্কোরলাইন ৩-১ করেন। আর তাতেই এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় মামুনুলদের।

এমবি