স্বাগতিক বাংলাদেশের দেয়া ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করলেও ৮৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে।
আজ (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বল হাতে শুরুটা ভালো এনে দিতে পারেননি দলনেতা মাশরাফি বিন মুর্তজা এবং তার বোলিং ওপেনিংয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
ফলে বলের সঙ্গে পাল্লা দিয়ে হ্যামিল্টন মাসাকাদজা ও কেপাস জুয়াও ৪৮ রানের জুটি গড়েন। তবে বল হাতে এসেই দৃশ্যপট পাল্টে দেন মোস্তাফিজুর রহমান। ভয়ঙ্কর হয়ে ওঠা জুয়াওকে সরাসরি বোল্ড করেন। তিনি মাত্র ২৪ বলে ৪ বাউন্ডারি ২ ছয়ে করেন ৩৫ রান।
এরপর দলীয় ৫৯ রানে ৫ রান করা ব্র্যান্ডন টেইলরকে বোল্ড করেন স্পিনার নাজমুল ইসলাম অপু। সফরকারীরা বড় ধাক্কাটা খায় ৪ রান বাদেই, দলীয় ৬৩ রানে। ভুল বুঝাবুঝিতে রান আউট হন সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মাসাকাদজা, ব্যক্তিগত ২১ রান করে। ইমরুল কায়েসের দুর্দান্ত থ্রো ধরে উইকেট ভাঙতে একটুও বেগ পেতে হয়নি মুশফিকুর রহিমকে।
সেখান থেকে দলের ইনিংস টানার চেষ্টা করেন ক্রেস আরভিন ও সিকান্দার রাজা। তবে দ্বিতীয় স্পেলে এসে অপু নিজের দ্বিতীয় শিকার তুলে নেন ৭ রান করা সিকান্দার রাজাকে বোল্ড করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২১ ওভারে ৮৮/৪। ক্রেগ আরভিন ১৭ এবং শেন উইলিয়ামস শূন্য রানে ব্যাট করছেন।
এর আগে আজ (রোববার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ৮ উইকেটে ২৭১ রান করে। ইমরুল সর্বোচ্চ ১৪৪ রান করেন। এছাড়া, অলরাউন্ডার সাইফউদ্দিন ৫০ ও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৩৭ রান।
জিম্বাবুয়ের পক্ষে কাইল জারিভস ৩৭ রানে ৪টি এবং তেন্দাই চাতারা ৫৫ রানে নেন ৩ উইকেট।
বাংলাদেশ দল: লিটন দাশ, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমবি





