ক্রাইস্টাচার্চ টেস্টের প্রথম ইনিংসে হালে পানি না পেলেও দ্বিতীয় ইনিংসে সার্ধ-শতক পূর্ণ করেছেন লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। তবে এখনও নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১০ রানে পিছিয়ে আছে দলটি।
প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪১ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রান করলে ফলো-অনে পড়ে। দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করা লঙ্কানরা তৃতীয় দিন শেষে ৫ উইকেটের বিনিময় ২৯৩ রান জমা করেছে।
আগের দিনের ৮৪ রান নিয়ে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল ১০ উইকেট। তবে এদিন রানের খাতায় মাত্র ১ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান ৩৩ রান নিয়ে মাঠে নামা কৌসল সিলভা।
ওয়ানডাউনে মাঠে নামা কুমার সাঙ্গাকারা মাত্র ১ রান করেই বোল্টের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ আউট হন। তবে ওপেনার করুনারত্নে দলের রানের চাকা ঘুরাতে থাকেন। শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে মাঠ ছাড়ার আগে ১৫২ রান করেন তিনি।
এরপর দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তৃতীয় দিন শেষে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। এছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।
নিউজিল্যান্ডের বোলার সর্বোচ্চ তিনটি উইকেট পান ট্রেন্ট বোল্ট।
জেডআই





