বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার জাতীয় দলকে হারিয়েছ মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। শনিবার অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারানো দলটি।
মালয়েশিয়ার এই জয়ের ফলে বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। কারণ আগামী ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করতে পারলেই সেমিফাইনালে খেলতে পারবে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকে মালয়েশিয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে পারেনি। গোলের দেখা পায়নি শ্রীলঙ্কাও। যদিও শ্রীলঙ্কার একটি বল গোলবারে লেগে ফিরে আসে।
অবশেষে ইনজুরি টাইমের শুরুতেই ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় শ্রীলঙ্কার মাদুসানের। ফলে পেনাল্টির নির্দেশ দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করে মালয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেয় ফরোয়ার্ড সাইরুল আজওয়ারি।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে কর্নার পায় মালয়েশিয়া। মো: সাফোয়ানের কর্নার থেকে সুযোগের সদ্ব্যবহার করে মালয়েশিয়ার মো: রিদজুয়ান। এরপর নির্ধারিত সময় কোন গোল না হওয়ার ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া ফুটবল দল।
জেডআই





