অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৪৮১ রান। ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে বাকি ৭টি উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করতে পারে।

এ যাত্রায় স্টিভেন স্মিথ ১৪৩ রান করেন। অ্যাডাম ভোজেস করেন ৭৬ রান। শেষদিকে মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে ৫৮ রান। বল হাতে ইংল্যান্ডের বেন স্টোকস, স্টিভেন ফিন ও মঈন আলী ৩টি করে উইকেট নেন।

জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৯২ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৮ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। দিনশেষে তারা অস্ট্রেলিয়ার চেয়ে ৩৭৪ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে রয়েছেন মঈন আলী (৮) ও মার্ক উড (৮)। তৃতীয় দিনে তারা দুজন ব্যাট করতে নামবেন।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন অ্যাডাম লিথ ও অ্যালিস্টার কুক। এরপর নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান কুক (২২)। ৪৬ রানে লিথকে (১৯) ফেরান পিটার সিডল। এরপর ৬০ রানে তৃতীয়, ৬৪ রানে চতুর্থ, ৮৩ রানে পঞ্চম, ৮৪ রানে ষষ্ঠ, ৯২ রানে সপ্তম ও একই রানে অষ্টম উইকেট হারায় ইংলিশরা।

বল হাতে অস্ট্রেলিয়া মিচেল মার্শ ৩টি, লায়ন ও সিডল ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন মিচেল জনসন।

কেএইচ