পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬'তে খেলার স্বপ্ন ভঙ্গ করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। বুধবার স্ট্যামফোর্ড ব্রীজে সফরকারী দলটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগীজ কোচ হোসে মরিনহোর শিষ্যরা।
ঘরের মাঠে গ্রুপ-জি’র শেষ ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল চেলসি। এর আগেই অবশ্য শীর্ষ দল হিসেবেই তাদের নক আউট পর্ব নিশ্চিত হয়েছিল। তবে পরের রাউন্ডে যেতে স্পোর্টিংয়ের এক পয়েন্ট প্রয়োজন ছিল। কিন্তু তাদের স্বপ্ন পূর্ণ হল না।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন সেস ফ্যব্রিগাস। আন্দ্রে শুরেল বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পরপরই জোনাথন সিলভা সফরকারীদের পক্ষে এক গোল পরিশোধ করেন। কিন্তু ছয় মিনির পরে জন ওবি মিকেল চেলসির পক্ষে তৃতীয় গোল করলে স্পোর্টিংয়ের আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
স্পোর্টিং এর এই পরাজয়ের ফলে এখন তাদের ইউরোপা লীগে খেলা ছাড়া আর কোন উপায় নেই। অপর ম্যাচে মারিবোরের বিপক্ষে জয় দিয়ে চেলসির সাথে দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬ নিশ্চিত করেছে শালকে ০৪। ২০১২ সাথে সাবেক কোচ রবার্তো ডি মাত্তেওর অধীনে চেলসি প্রথমবারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছিল। সেই মাত্তেওই এখন শালকের কোচের দায়িত্ব পালন করছেন।
জেডআই





