একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৪২ রানের লক্ষ্য বেধে দিয়েছে পাকিস্তান।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময় ১৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের উদ্বোধনী জুটির মুখতার আহমেদ ও আহমেদ শেহজাদ। গড়ে তোলেন ৫০ রানের জুটি।

অবশেষে ৯ম ওভারে তাসকিনের শেষ বলে দুর্দান্ত অকল্পনীয় এক ক্যাচ ধরে শেহজাদকে বিদায় করে দেন টাইগার নেতা মাশরাফি। ৩১ বলে মাত্র ১৭ রান করে শেহজাদ।

১১তম ওভারে অভিষিক্ত মুস্তাফিজুর রহমানের চতুর্থ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ আউট হন শহীদ আফ্রিদি। ৯ বলে একটি ছক্কায় ১২ রান করেই সাজঘরে ফিরেছেন পাক অধিনায়ক।

১৩তম ওভারে আরাফাত সানির প্রথম বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাঠ থেকে বিদায় নেন পাকিস্তানের ওপেনার মুখতার আহমেদ। এর আগে ৩০ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৭ রান করেন।

চাপে পড়ে যাওয়া পাকিস্তান দলের হাল ধরেন হারিস সোহাইল ও মোহাম্মদ হাফিজ। চতুর্থ উইকেটে মাত্র ৩৪ বলে ৪৯ রানের জুটি গড়ে তোলেন। ১৮ বলে ২৬ রান করা হাফিজকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে তাদের জুটি ভেঙে দেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজ।

শেষ বলে রান আউট হন ৮ রান করা তানভীর সোহাইল। ২৪ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন হারিস সোহাইল।

বাংলাদেশের সেরা বোলার ৪ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান আরাফাত ও তাসকিন।

জেডআই