শেষ হয়ে আসছে ব্রাজিল বিশ্বকাপ। আগামী ১৩ জুলাই পর্দা নামবে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞের। তবে সবার মনে একটা প্রশ্ন। এবার গোল্ডেন বুট পাচ্ছে কে?
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট পুরস্কার দেয়া। ব্রাজিল বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে ৬২ ম্যাচ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় অনেকটা নিশ্চিত করে বলা যায় কারা পেতে পারেন এই পুরস্কারটি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার ২২ বছর বয়সী এই মিডফিল্ডার করেছেন ৬ গোল। কিন্তু তার দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়ায় আর গোল করার সুযোগ পাননি এই তারকা।
রদ্রিগেজের পর ৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জার্মানির থমাস মুলার। ১৩ জুলাই ফাইনাল ম্যাচেও মাঠে নামবেন এই তারকা। ফলে রদ্রিগজকে ছাড়িয়ে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা আছে মুলারেরও। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও এই পুরস্কারটি জিতেছিলেন তিনি।
তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমার। সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামতে পারেননি নেইমার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দলে থাকলেও তার মাঠে নামার সম্ভাবনা কম। কিন্তু মেসির দল ফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানির। ফলে একটি হ্যাটট্রিক করলে পুরস্কারটি জিতে নিতে পারেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।
তিন গোল করা আর্জেন রোবেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন। শনিবার তার দল নেদারল্যান্ডস মুখোমুখি হবে ব্রাজিলের। কিন্তু রদ্রিগেজের ছয় গোল টপকিয়ে এই পুরস্কারটি জয়ের দৌড়ে তার সম্ভাবনা অনেক ক্ষীণই বলা চলে। তিন গোল রয়েছে নেদারল্যান্ডস অধিনায়ক রবিন ভন পার্সিরও।
এছাড়া আরো কয়েক জনের তিন গোল থাকলেও তাদের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। কারণ টুর্নামেন্ট থেকে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে তাদের দল।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





