ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক কোনো ম্যাচে খেলছে না বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় আইপিএলের পর অন্যান্য ঘরোয়া লিগগুলোতে খেলা চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটাররা।

আর দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে বিরত থাকায় বাংলাদেশি ক্রিকেটে এর খারাপ প্রভাব পরতে পারে বলে মনে করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘অসাধারণ একটি মৌসুম কাটানোর পর আমরা ছয় মাসের জন্য আর খেলতে পারছি না। এটা নিশ্চিতভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে। আমাদের বিপক্ষে খেলার জন্য অন্যদের আরও বেশি আগ্রহী হওয়া উচিত। মাঠে পারফরম্যান্সের পরিবর্তে আমরা সাইডলাইনে বসে আছি। জানি না ছয় মাস পর আমরা কেমন পারফরম্যান্স করবো। জিম্বাবুয়ে ছাড়া বিশ্বের এমন কোনো দল নেই যারা দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকে।’

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের পরবর্তী মিশন হচ্ছে ঘরের মাঠের ইংল্যান্ড সিরিজ। তাও আবার সেটি অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে। এই সময়ে অলস সময় কাটাবেন বাংলাদেশি ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে একটি সিরিজের কথা থাকলেও আগামী বছরের শুরুর দিক ছাড়া তা সম্ভব হচ্ছে না। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের কথা আলোচনায় থাকলেও সেটা এখনো নিশ্চিত হয়নি।

২০১৫ সালে সফল একটি বছর কাটানোর পর এবার আন্তর্জাতিক ম্যাচের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। এই ধরনের অপেক্ষা বেশ হতাশাকর বলে জানিয়েছেন তামিম।

ক্ষোভ প্রকাশ করে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘ছয় মাস এভাবে বসে থাকা সুবিচার নয়। এমন হলে বুঝতাম, পাঁচ বছর আগে যখন আমাদের ম্যাচের ফলাফল অনুমান করা যেত। কিন্তু এমন ভালো একটি সময় অতিবাহিত করার পরও অন্যরা কেন খেলতে আসছে না তা আমার বোধগম্য নয়।’

এই ধরনের লম্বা বিরতি যে কোনো দলের জন্য খারাপ দাবি করে তামিম বলেন, ‘শীর্ষ পর্যায়ের কোনো দলকে আপনি ছয় মাস বসে থাকতে বলেন! এমন লম্বা বিরতির পর খেলতে নেমে দেখুন তারা কেমন পারফর্ম করে। আমি নিশ্চিত ওই সময় তারা তাদেও সেরা খেলাটা খেলতে পারবে না।’

এমআইএস