সাত দেশের অংশগ্রহণে শনিবার শুরু হচ্ছে এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বেলা তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরঘিজিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

শেষ মুহূর্তে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তাজিকিস্তান অনীহা প্রকাশ করায় আট জাতির টুর্নামেন্টটি সাত জাতির টুর্নামেন্টে পরিণত হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি, উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান রাসেল এমপি।

জেডআই