ইংল্যান্ডের ভিসা পেলেন জুনিয়র ওয়াসিম খ্যাত পাকিস্তানের অন্যতম সেরা বোলার মোহাম্ম্দ আমির। ইংল্যান্ড সফরে যেতে আর কোনো বাধা নেই তার। তার ইংল্যান্ডের ভিসা পাওয়ার ব্যাপারটি আজ নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আমিরের ইংল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে ভালোই জটিলতা তৈরি হয়েছিল। ২০১০ সালে লর্ডস টেস্টে সে সময়ের পাকিস্তান অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হন আমির। এর জন্য ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন, জেলও খেটেছেন।
নিয়মানুযায়ী ইংল্যান্ডে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফৌজদারি মামলায় আসামি হন ও কারাবাস করেন তাদেরকে পুনঃরায় ইংল্যান্ডে যেতে ভিসা দেয় না ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে আমিরকে ভিসা দিতে সুপারিশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর সে কারণেই তার ভিসা পাওয়া সহজ হলো।
গত সেপ্টেম্বরে নির্বাসন কাটিয়ে ফেরার পর থেকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত হয়ে আছেন আমির। এবার ক্রিকেটের বড় সংস্করণে তার প্রত্যাবর্তনটাও হতে যাচ্ছে লর্ডস টেস্ট দিয়েই। লর্ডসেই আগামী জুলাইয়ে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
এমআইএস





