লম্বা ৬ ফুট ৪ ইঞ্চি। সুঠাম দেহের অধিকারী। হ্যান্ডসাম। নিয়মিত ১৪০ কি.মি. গতিতে বল করতে পারেন। অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ২০১৫ বিশ্বকাপেও ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দেশের সেরা বোলার হয়েছেন। বলছি তরুণ তুর্কি তাসকিন আহমেদের কথা। বাংলাদেশের ক্রিকেটে অপার সম্ভাবনাময় ও প্রতিভাধর এই খেলোয়াড়ের আজ ২১তম জন্মদিন। শুভ জন্মদিন তাসকিন আহমেদ।
বিসিবি আয়োজিত আসন্ন বিসিএল ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে ওয়ালটন সেন্টাল জোনের হয়ে খেলবেন তাসকিন। টুর্নামেন্ট সামনে রেখে আজ বিকেল সাড়ে ৩টায় মিরপুরের বিসিবি একাডেমি মাঠে তৃতীয় দিনের মতো দলের অনুশীলন শুরু হয়।
তার আগে ওয়ালটন সেন্টাল জোনের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, দলীয় কোচ কাজী এমদাদুল বাশার রিপন, ম্যানেজার হাসানুজ্জামান ঝরু, সহকারী সমন্বয়ক ও সহকারী ম্যানেজার মিল্টন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড় মিলে কেক কেটে তাসকিনের জন্মদিন পালন করেন।
এ সময় ওয়ালটন সেন্টাল জোনের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হন তাসকিন। তারা বাংলাদেশের এই উদীয়মান তারকার জন্য শুভ কামনা করেন। তাসকিনও তাদের ধন্যবাদ জানাতে ভুল করেননি। পাশাপাশি দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে আরো ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ খেলোয়াড়।
১৯৯৫ সালের এই দিনে ঢাকার মোহাম্মাদপুরে জন্ম নেন তাসকিন। অক্টোবর ২০১১ সালে ঢাকা মেট্রোপলিসের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সৃষ্টি তিনি। বিপিএলে চিটাগং কিংসের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট লাভ করেন ও ম্যাচ-সেরা নির্বাচিত হন।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল লংগার ভার্সন) তাসকিন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলেন। ২০১৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। দুটি টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট পেয়েছেন।
২০১৪ সালের ১৭ জুন ভারতের বিপক্ষে তরুণ এই তুর্কির ওয়ানডে অভিষেক হয়। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও তিনি দারুণ পারফরম্যান্স করেছেন। ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ৯ ম্যাচ খেলে পেয়েছেন ১৬ উইকেট।
বাংলাদেশের পরবর্তী মাশরাফি ভাবা হয় তাসকিনকে। বিশ্বকাপে তার বোলিং দেখে মুগ্ধ হয়েছেন কমেন্ট্রি বক্সে থাকা অনেক লিজেন্ড ক্রিকেটার। ইনজুরিমুক্ত থেকে অনেক দূর এগিয়ে যাবেন তাসকিন আহমেদ- জন্মদিনে সেই প্রত্যাশাই সবার।
জেআই





